নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো হত্যা মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী মো. আব্দুল মতিন (৩৭) -কে গ্রেপ্তার করেছে র্যাব ৪ ও র্যাব ১০ এর একটি যৌথ টিম। ঢাকার বংশাল থানার জল্লাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার হয় চাঞ্চল্যকর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী মতিনকে।
রোববার দুপুরে র্যাব-৪, সিপিসি-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে মতিন।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ভিকটিম জয়নাল মিয়া (৫৫) ব্রাহ্মণবাড়ীয়া সদর থানাধীন ভাটপাড়া সাকিনস্থ আমতলী বাজারে নিরাপত্তা প্রহরীর চাকুরী করতেন। আসামী মতিন বিগত ২০১৪ সালের ১৪ জুলাই রাতে তার সহযোগী হুমায়ুন ও অজ্ঞাতনামা ২/৩ জন নিয়ে উপরোক্ত বাজারে প্রবেশ করে জনৈক সেলিম মিয়ার দোকানে চুরি করার উদ্দেশ্যে ঝাপ খুলতে শুরু করে।
অতঃপর ভিকটিম উক্ত কাজে বাধা দিলে আসামী মতিন ও তার সহযোগীরা অতর্কিতভাবে ভিকটিমের উপর হামলা করে ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের ছেলে ব্রাহ্মণবাড়ীয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে বিচারক দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১৭ই সেপ্টেম্বর আসামি মতিনকে মৃত্যুদন্ড রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, আসামী মতিন ৬ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলায়ন করে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মোগোপন করে রাখে। পরে গোপন সংবাদের উপর ভিত্তি করে তাকে গ্রেপ্তার করে গাজীপুরের কোনাবাড়ি মেট্রোপলিটন পুলিশের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

