নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে মোছলেহ উদ্দিন (৬৮) নামে এক ব্যক্তির বসত ঘরে দূবৃত্তদের আগুনে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় আগুনের এ ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী মোছলেহ উদ্দিন স্ব পরিবারে ঢাকায় বসবাস করেন। দোতলা বাড়িটি পুরোটাই ফাঁকা থাকে। রাতের আঁধারে কে বা কারা বাড়ির পিছনের জানালা ভেঙে ঘরের একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। এতে ঔই কক্ষে থাকা একটি খাট, আলমারি, ড্রেসিং টেবিলসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন ঘটনা কখনো ঘটে নি। এছাড়াও ভুক্তভোগী মোছলেহ উদ্দিনকে অনেক পূর্বে থেকেটি অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে। কেন সে এই এলাকায় জমি ক্রয় করে বাড়ি করেছেন। কিন্তু ঔই ব্যক্তির কোন নাম পরিচয় জানা যায়নি।
প্রতিবেশি সোহরাব হোসেন সাগর বলেন, হঠাৎ করে রাতে জানতে পারি মোছলেহ উদ্দিনের বাসায় আগুন লেগেছে। কে বা কারা আগুন দিয়েছে জানা যায়নি। আমরা তখনই জানালা দিয়ে ওই কক্ষে পাইপ দিয়ে পানি দেই। কিন্তু এ সময়ের মধ্যে সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির মালিক মোছলেহ উদ্দিনকে আগুনের বিষয়টি জানানোর পর তিনি সন্তানদের নিয়ে রাতেই চলে আসেন।
সোহরাব হোসেন আরো বলেন, একটি নম্বর থেকে অনেক আগে থেকেই হুমকি দিয়ে আসছে। আমাকেও হুমকি দিতো। আমার বাসার সামনে কাপনের কাপড়ও রেখে দিতো। সেই একই নম্বর দিয়ে মোছলেহ উদ্দিন কেও ফোনে ভয় দেখায়।
ভুক্তভোগী বাড়ির মালিক মোছলেহ উদ্দিন বলেন, স্থানীয়রা রাতে আমাকে ফোন করে আগুনের বিষয়ে অবগত করে। কে বা কারা আগুন দিয়েছে জানি না। কক্ষের ভেতরে থাকা খাট, আলমারি, ড্রেসিং টেবিলসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
তিনি অভিযোগ করে আরও বলেন, আমি এখানে অনেক আগেই বাড়ি করেছি। বাড়ির পাশের জমি ক্রয় করার পর থেকেই একটি নম্বর থেকে আমাকে ফোন দিয়ে হুমকি দেয়। তাকে চিনি না।
এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

