শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোন অন্যায় কাজ করা যাবে না: রিতা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, কোন অন্যায় কাজ করা যাবে, প্রতিহিংসায় কারো ঘর-বাড়ী ভাঙচুর করা যাবে না। সকল মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। কাজেই তরুন শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ধরে রাখতে হবে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পথসভায় এসব কথা বলেন আফরোজা খান রিতা।

এসময় তিনি বলেন, টোকাই শ্রেণীর কিছু লোক এবং সুবিধাবাদী কুচক্রী মহল আন্দোলনের নাম করে এলাকায় ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাঁদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সংখ্যালঘু বলতে কোন শব্দ নাই। হিন্দু-মুসলমান ভাই ভাই। কারো সঙ্গে কোন খারাপ আচরণ করা যাবে না।

প্রতিটি এলাকায় টিম গঠন করে মসজিদ-মন্দির-ব্যবসা প্রতিষ্ঠান পাহাড়া দিতে হবে। কোন অপশক্তি যেনো কোন ধরনের ক্ষতি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। ধানের শীষকে নির্বাচনে জয়ী করে তাকে আজীবন ধরে রাখতে ভালো কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেন আফরোজা খান রিতা।

পথসভায় বক্তব্য প্রদানের আগে কোটা সংস্কার আন্দোলন ও এক দফা দাবী আদায়ের লক্ষে রাজপথের যুদ্ধে শহীদ হওয়া আন্দোলনকারী শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাটুরিয়া উপজেলার দরগ্রামেও পথসভায় বক্তব্য রাখেন আফরোজা খান রিতা।

এসময় সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, দপ্তর সম্পাদক অ্যাড. আরিফুল ইসলাম লিটন, জেলা যুবদলের আহবায়ক তুহিনুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাড. জিন্নাহ খানসহ সংশ্লিষ্ট অনেকেই পথসভায় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ