রবিবার

১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের হরিরামপুরে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড এবং অপর আরেক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।

বুধবার দুপুরে আসামীদের উপস্থিতিতে এই রায় প্রচার করেন তিনি।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জেলার শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মোঃ পারভেজ হোসেন ওরফে সুমন শেখ (৩০) এবং একই এলাকার শহিদ বেপারীর ছেলে আলীম (৩২)।

এদের মধ্যে সুমনকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর অপর আসামী আলীমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ডের আদেশ দেন বিচারক।

মামলার সংক্ষিপ্ত এজাহারে জানা যায়, ভিকটিম বিল্লাল হোসেনের স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো আসামী সুমন শেখ। আর বিল্লাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিলো আসামী আলীমের। মেয়েকে উত্ত্যক্তের বিচার চাওয়ায় আসামী সুমন অপর আসামী আলীমের সঙ্গে বিল্লাল হোসেনকে হত্যার পরিকল্পনা করেন।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ মার্চ এই দুই আসামীসহ আরও এক আসামী মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল্লালকে কুপিয়ে হত্যা করে। এক আসামী শিশু হওয়ায় পৃথক আদালতে তাহার বিচার কার্যক্রম চলমান। এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় প্রচার করেন।

আসামী সুমন শেখের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও আসামী আলীমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ