নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আকরাম হোসেনকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাংবাদিক মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক।
তিনি বাংলাভিশন ও দৈনিক আমার দেশ-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক আমার নিউজ-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১৪ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ১৯ মিনিটে তিনি মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত দৈনিক আমার নিউজ কার্যালয়ে অবস্থানকালে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি বিদেশি নম্বর থেকে কল আসে। কলদাতা নিজেকে পরিচয় না দিয়ে সংবাদ প্রকাশ ও নিউজের ক্যাপশন নিয়ে আপত্তিকর ভাষায় কথা বলেন এবং নানা ধরনের হুমকি প্রদান করেন।
এক পর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তি বেশি বাড়াবাড়ি করলে ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতি করার পাশাপাশি মিথ্যা ও কুরুচিপূর্ণ লেখালেখি করে মানহানি করার হুমকি দেন।
এছাড়াও মানিকগঞ্জ-৩ আসনের এক এমপি প্রার্থীর নাম উল্লেখ করে বলেন— “তোর যেকোনো ধরনের ক্ষতি হলে তোর ঐ এমপি প্রার্থীও কিছুই করতে পারবে না।”
ভুক্তভোগী সাংবাদিক কলদাতার পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় না দিয়েই ফোন কেটে দেন। ঘটনার পর থেকে সাংবাদিক ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ ঘটনায় মানিকগঞ্জ প্রেসক্লাব, মানিকগঞ্জ সম্পাদক পরিষদ, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও জেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

