নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–২০ (ধামরাই) আসনের ১৪৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ধামরাই পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা,সাদা (সংসদ সদস্য নির্বাচন) ও গোলাপি (গণভোট) ব্যালট পেপার গ্রহণ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় বাস, পিকআপ ও ট্যাক্সিযোগে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও ধামরাই থানা সূত্রে জানা গেছে, এ আসনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন বিপুল সংখ্যক সেনাবাহিনী, বিজিবি, র্যাব,পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা।
পুলিশের ১৭টি মোবাইল টিম, ৪টি স্ট্রাইকিং টিম ও ৩টি স্ট্যান্ডবাই টিম মাঠে থাকবে। পাশাপাশি ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,৩ প্লাটন বিজিবি,৬ প্লাটন সেনাবাহিনী, র্যাবের ০২ টি স্ট্রাইকিং ফোর্স, আনসার ১৯১১ জন মোতায়েন থাকবে।
সরকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবিব বলেন,ভোট গ্রহন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন—বিএনপির তমিজ উদ্দিন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, খেলাফত মজলিসের মুফতি আশরাফ আলী, জাতীয় পার্টির আহছান খান, জাসদের আরজু মিয়া এবং এবি পার্টির লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহম্মদ।
ঢাকা–২০ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। এছাড়া দেশে ও বিদেশে মোট ৫ হাজার ৭০১ জন পোস্টাল ভোটার রয়েছেন।

