নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রাম থেকে সাহিদা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সাহিদার শশুড় বাড়ি থেকে ওই মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। সাহিদা ওই এলাকার সুজন মিয়ার স্ত্রী।
নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, ৫ বছর আগে সাহিদাকে পারিবারিকভাবে বিয়ে করে সুজন। প্রায় দুই বছর আগে জীবিকার নির্বাহের তাগিদে সুজন ইতালী যায়। সাহিদা ঘরের বারান্দার ছোট কেবিনে ঘুমাতো। সকালে ঘুম থেকে না উঠায় বেশ ডাকাডাকি করা হয়।
এতোও কোন সাড়া শব্দ না পাওয়া যায় না এবং সাহিদার কেবিনের ভেতর থেকে দরজা লাগানো ছিলো। পরে ঘরের চালের উপর থেকে উকি দিয়ে সাহিদার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সিংগাইর থানার এস.আই সাহিদা আক্তার বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে সাহিদার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সংসার জীবনে সাহিদার সঙ্গে তার স্বামী বা শশুড়বাড়ীর কারো সঙ্গে কোন বিরোধ ছিলো না বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সাহিদার মরদেহের পাশ থেকে তার মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। সাহিদা মৃত্যু পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর নিশ্চিত করে বলা যাবে। পুরো ঘটনাটি তদন্ত করে পুলিশ যথাযথ পদক্ষেপ নিবে বলেও জানান ওসি জাহিদুল ইসলাম।

