নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকা থেকে এসির কার্টুনবন্দি অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২ টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, স্থানীয়দের নিকট থেকে দেওয়া খবরের উপর ভিত্তি করে বেতিলা-বরুন্ডি আঞ্চলিক সড়কের পাশে পড়ে থাকা একটি এসির কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এসির কার্টুনে বন্দি থাকা ওই নারীর মরদেহটি পেছনে হাত দিয়ে রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো। ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন আগের হবে। যে কারণে মরদেহের এক অংশে কিছুটা পঁচন ধরে গেছে। এটি পরিকল্পিত একটি হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে।
কার্টুনবন্দি ওই নারীর বয়স ৩০ বা এর কিছু কম-বেশি হতে পারে। মরদেহের ময়নাতদন্তের পাশাপাশি পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই ওই নারীর পরিচয় সনাক্তসহ যাবতীয় বিষয়াদি জানানো যাবে বলে মন্তব্য করেন ওসি আমান উল্লাহ।

