নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় এক পুলিশ কনস্টেবলসহ দুই জন নিহত হয়েছে। নিহতদের মরদেহগুলো উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫মার্চ) বিকালে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক ও বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া। পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক ধামরাইয়ের রাজাপুর এলাকার সামছুল হক মল্লিকের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজধানী ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুর এলাকায় গ্রামের বাড়ি যাবার পথে বাটুলিয়া এলাকায় পৌঁছালে প্রথমে একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়।
এতে সড়কে পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক সহ বাইসাইকেল চালক কুদ্দুস মিয়া পড়ে গেলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কভার্ডভ্যান তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মারাযান এবং বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক এস আই সুজিত কুমার মৃধা বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিকের মরেদহ ও হাসপাতাল থেকে বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ,কাভার্ডভ্যানটি জব্দসহ এর চালককে আটক করা হয়েছে।

