নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নে এঘটনা ঘটে। গ্রেপ্তার রুবেল কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামের শাহজাহানের ছেলে। সে পেশায় একজন অটো চালক।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এই সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে।
শিশুটির চিৎকারে প্রতিবেশী এক নারী ও তার শ্বশুর এগিয়ে আসলে শিশুটি ওই লম্পটের হাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয় জনতা অভিযুক্তকে মারধর করে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি রুবেলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

