সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ভয়ভীতি দেখিয়ে মাটির ব্যাংক ভেঙে প্রায় ৫০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বাড়িতে হামলা, ভাঙচুর, গালিগালাজ ও হুমকির অভিযোগও করেছেন বাড়ির মালিক এফ. এম. ফজলুল হক (৬০)।
এ ঘটনায় ২৫ আগস্ট সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এফ. এম. ফজলুল হক। অভিযোগে আব্দুল হক (৪৫), তার ছেলে রাফসান (১৯), স্ত্রী রুমি (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ওই বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত ১০ আগস্ট বাড়ির মালিক ও তার স্ত্রী বাইরে থাকার সুযোগে তাদের আট বছর বয়সী শিশু পুত্র পর্বত বাসায় একা ছিল। এ সময় রাফসান ঘরে প্রবেশ করে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে একটি মাটির ব্যাংক ভেঙে ভেতরে থাকা আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
শিশুটি টাকা ফেরত দেওয়ার কথা বললে তাকে বিষয়টি কাউকে না জানাতে এবং জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাবা-মা বাসায় ফিরে শিশুটির কাছ থেকে বিষয়টি জানতে পারেন।
অভিযোগকারী আরও জানান, বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বললে তারা উল্টো তাকে ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
এরই ধারাবাহিকতায় ২২ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার শয়নকক্ষে অনধিকার প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। এসময় তারা গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি বাড়ির বিভিন্ন স্থানে ভাঙচুর চালান।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা বাড়ির নিচতলা থেকে তাদের আসবাবপত্র ও মালামাল নিয়ে যাওয়ার সময় বিভিন্ন সুইচ, কল, বেসিনসহ বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এতে আনুমানিক ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ বিষয়ে এফ. এম. ফজলুল হক সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

