নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ শহরের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনের রাস্তায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এই ককটেল বিস্ফোরণ ঘটে।
বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজনের মধ্যে ছোটাছুটি শুরু হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি মোঃ মনির হোসেন।
পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটির পেছনে কারা জড়িত তা চিহ্নিত করতে তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

