নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ বিতরণ করা হয় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায়।
মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়াতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে চলমান সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অবৈধ মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

