শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলো হাসিনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের নাগরিকদের যে অধিকার আছে, স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে,তাদের যে কথা বলার অধিকার আছে, মত প্রকাশের অধিকার আছে এবং প্রত্যেকে মিলে মিশে একসঙ্গে বসবাস করার অধিকার আছে, সেই অধিকারে শুরু থেকেই বিশ্বাস করতো না আওয়ামী লীগ। বাবার আমল থেকে বিশ্বাস করত না। এই জন্য বাবার আমল হচ্ছে বাকশাল। আর বাবার সেই বাকশাল প্রতিষ্ঠা করে বহাল রাখতে চেয়েছিলো শেখ হাসিনা।

সোমবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার রুপসা গ্রামের শহিদ রফিকুল ইসলামের বাড়িতে আমরা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ছিলো ভারত নির্ভর সরকার। নিজের দেশের চেয়ে ভারতের চিন্তাই বেশি করতেন তিনি। ব্যবসা বাণিজ্যেও ভারত নির্ভর ছিলো। যে কারণে বিদ্যুত নিয়ে আদানির সঙ্গে এমন চুক্তি করেছিলো শেখ হাসিনার সরকার। যে কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আর হাসিনার পক্ষ নিয়ে সে দেশের মিডিয়াগুলো ডাহা মিথ্যা প্রচার করে চলছে। বাংলাদেশের বদনাম হয় এমন কাজগুলো ইচ্ছে করেই করছে সেই দেশের মিডিয়া।

শেখ হাসিনার আমল ছিলো বর্বরতায় ভরপুর। তার এই বর্বরতায় সহায়তা করেছে পুলিশ। হাসিনা ভেবেছিলো এই ভাবে সব বাহিনী তাকে সাপোর্ট করবে। কিন্তু তা হয়নি। দেশের ছাত্র জনতার সঙ্গে জাগ্রত হয়েছিলো সাধারণ মানুষ। দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদেরকে সম্মান দিতে হবে। তাদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। আহত ও নিহত পরিবারের সুযোগ সুবিধা বৃদ্ধিতে বিএনপি কাজ করবে বলে বক্তব্যে বলেন রিজভী।

আমরা বিএনপি পরিবার এর সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রফিকুল ইসলাম ও সাদের বাবা, আহত কলেজ শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অনেকেই।

পরে শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদাণ করেন রুহুল কবির রিজভী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ