সোমবার

২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন 

ওয়াসিম হোসেন

ঢাকার ধামরাইয়ে এশিয়ান টিভি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার সাংবাদিক রাজন আহমেদ এর বিরুদ্ধে মিথ্যে, উদ্দেশ্য প্রনোদিত মামলা প্রত্যাহারের দাবিতে পৃথক দুটি স্থানে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই প্রেসক্লাবের সামনে ও দুপুরে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এই মানববন্ধন করেন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মনোয়ার হোসেনের পরিবারের সদস্যসহ অন্তত পাঁচ শতাধিক স্থানীয় লোকজন ও শতাধিক সাংবাদিক অংশ নেন। প্রায় এক কিলোমিটার এলাকা ছড়িয়ে যায় এ মানববন্ধন।

এর আগে গত ২২ অক্টোবর ঢাকা জুডিশিয়াল (ধামরাই) ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার আবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে ধামরাইয়ের স্থানীয় সাংবাদিক মনোয়ার হোসেন রুবেলের নাম।

মামলার বাদি জুয়েল তালুকদার (৩০) ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইলের আথাইল শিমুল এলাকার জালাল তালুকদারের ছেলে।

মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক মনোয়ার হোসেন রুবেলের মা বলেন, ’আমার ছেলে সাংবাদিকতা করেছে, কোনো অন্যায় করে নাই। ৫ আগস্ট সে আমার বাড়িতে ছিল। সে নাকি ঢুলিভিটা ছিল এমন ডাহা মিথ্যা কথা লিখে মামলা করা হয়েছে। শত্রুতা করে এই মামলা করেছে,’ বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন পঞ্চাশোর্ধ রাবেয়া আক্তার রুবিয়া।

মানববন্ধনে অংশ নেওয়া কহিনুর বেগম বলেন, মনোয়ার হোসেন রুবেলের প্রতিবেদনের পরে সরকারি সহযোগিতা পেয়েছি আমি। সে আমাদের বিপদ আপদে সবসময় পাশে থাকে। ওর নামে মিথ্যে  মামলা করা হয়েছে। এই মামলা বাদ দিতে হবে।

এসময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও সাংবাদিক রাজন আহমেদ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ধামরাইয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। তারা অবিলম্বে এ মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, একটি মামলার কথা শুনেছি। তবে এখনও এ সংক্রান্ত নথি পৌঁছেনি। থানায় এমন কোনো মামলা রুজু হয়নি।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ঢাকা জুডিশিয়াল (ধামরাই) আদালতে ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদসহ ৯২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এতে ৩৭ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও ৮৪ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক রাজন আহমেদকে। মামলার তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ