নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে এক বৃদ্ধের অটোরিকশা ছিনতাই করে তিন যুবক। পরে সেই অটোরিকশা নিয়ে পালানোর সময় মো: সুমন (৩০) নামের এক যুবককে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে পুলিশ।
রোববার সকাল ১০ টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক সুমন শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকার মৃত সাগর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার সেকেন্ড অফিসার (এস আই) সুলতান মাহমুদ বলেন, সকালে ডিবি পুলিশ পরিচয়ে নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড থেকে প্রবীর চন্দ্র সরকারের (৬৫) অটোরিকশায় উঠে তিন যুবক। পরে অটোরিকশা চালক তাদেরকে নিয়ে কিছুদূর যাওয়ার পর পাইকপাড়া এলাকায় পৌছালে মৃত্যুর ভয় দেখিয়ে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
পরে প্রবীর চন্দ্র সরকার কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ওই তিন যুবকের পিছু নেন। এসময়ে ছিনতাইকারী চক্রের দুই জন দৌড়ে পালিয়ে গেলেও সুমনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের মাধ্যমে আটক সুমনকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এস আই সুলতান মাহমুদ।

