মোঃ সাইফুল ইসলাম, সিংগাইর:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা শিল্পনগরী এলাকায় টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় পরিবেশ দূষণের দায়ে ‘গ্রীন এনার্জি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) ধল্লা শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করে টায়ার পোড়ানোর মাধ্যমে বায়ু ও পরিবেশ দূষণের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৮(১) লঙ্ঘনের দায়ে গ্রীন এনার্জিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টিকারী ওই স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও স্থাপনা অপসারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, ধল্লা শিল্পনগরী এলাকায় বিভিন্ন ধরনের বর্জ্য ও পুরোনো টায়ার পোড়ানোর কারণে কালো ধোঁয়া ও দুর্গন্ধ সৃষ্টি হচ্ছিল। এতে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল বলে তারা জানান।
স্থানীয়রা বলেন, পরিবেশ দূষণ রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হলে শিল্পনগরী এলাকায় পরিবেশবিধি মেনে চলার প্রবণতা বাড়বে।
পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে আইন অমান্য করে কোনো প্রতিষ্ঠান যাতে পরিবেশের ক্ষতি করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

