নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইছামতি নদী থেকে জিতু চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিতু চৌধুরী যাত্রাপুর গ্রামের মৃত মজিবুর রহমান চৌধুরীর ছেলে। জিতু বিবাহিত এবং এক কন্যা সন্তানের পিতা।
বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ জানান, শুক্রবার জুম্মার নামাজের আগ থেকে জিতু চৌধুরী নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, জুম্মা নামাজের আগে গতকাল নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে।
জিতু চৌধুরী দেশের বাইরে থাকার সময় দুর্ঘটনায় আহত হয়ে দেশে আসেন। তার ভাইয়েরা ঢাকায় থাকেন। সে একাই বাড়ি থাকতো। সে এ্যাবনরমাল ছিল। তার স্ত্রী আর এক সন্তান সে অসুস্থ হওয়ার পর থেকে তার শশুড় বাড়ি বসবাস করে।
হরিরামপুর থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের উপর ভিত্তি করে ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

