শনিবার

১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে রণক্ষেত্রে পরিণত: ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও গ্রেফতার ২০

মোঃ মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ও সংঘর্ষে পুরো পল্লী বিদ্যুৎ ও এর আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। সংঘর্ষ ও নাশকতার ঘটনায় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকার ৬ থেকে ৭টি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে একদল উচ্ছৃঙ্খল যুবক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং সড়কে থাকা একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও বিজিবি সদস্যরা পাল্টা অ্যাকশনে যান। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং পুরো পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। আতঙ্কে আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

সংঘর্ষ ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা অযৌক্তিকভাবে মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটায়। পুলিশ প্রথমে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও আন্দোলনকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং সরকারি গাড়ি ভাঙচুর করে।

পরে জানমাল রক্ষা ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।

বেলা সাড়ে ১১টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। তবে পুনরায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ