নিজস্ব প্রতিবেদক
বহু আলোচনার পর অবশেষে ঢাকা-২০ ধামরাই আসনে ভোটের মাঠের লড়াইয়ের চূড়ান্ত ভরসা হিসেবে আলহাজ্ব তমিজ উদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৷
প্রথম ও দ্বিতীয় ধাপে ঘোষণা না হওয়া ঢাকা ২০ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত মনোনয়ন পত্রটি ধামরাই আসনে উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিনকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেন ৷
এ ঘোষণার মধ্য দিয়ে ধামরাই আসনে সম্ভাব্য প্রার্থী নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটল।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ধামরাইয়ে সাংবাদিক ও নেতা কর্মীদের সামনে দলীয় মনোনয়নপত্রটি প্রকাশ করেন ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন৷
দলীয়ভাবে প্রার্থী ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ধামরাই জুড়ে আনন্দের জোয়ার বইছে। বিএনপির মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন ধামরাই উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান, ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন৷
বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর নেতা কর্মীদের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে নির্দেশনা দেন। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তমিজ উদ্দিন আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানসহ দলের নীতি নির্ধারকদের৷
দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, দল ও দেশের জন্য কাজ করেছি, তাই দল আমার উপর ভরসা রেখেছে ৷ আমি দলীয় মনোনয়ন পেলেও আরো তিনজন মনোনয়ন প্রত্যাশি ছিল। সকলকে সাথে নিয়ে ধামরাইয়ে ধানের শীষকে বিজয়ী করে আমাদের নেতা তারেক রহমানের হাতে তুলে দিতে চাই৷
ধামরাই উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরি রবিন বলেন, রাজপথের নেতৃত্ব দেওয়া পরিক্ষিত তমিজ উদ্দিনকে দল মনোনয়ন দেবে এমনটাই আমাদের কাছে সবচেয়ে প্রত্যাশিত ছিল। দল যেহেতু তমিজ উদ্দিনকে মনোনয়ন দিয়েছে, তাকে নিয়েই আমরা মাঠে সর্বশক্তি নিয়ে নামব।
আমরা সকল ভেদাভেদ ভুলে যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ের জন্য কাধে কাধ হাতে হাত রেখে কাজ করে যাব৷
জানা গেছে ঢাকা ২০ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী তমিজ উদ্দিনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ ৷ এছাড়াও গণ অধিকার পরিষদ, এনসিপিসহ কিছু ইসলামিক দলের মাঠে গণসংযোগ করতে দেখা যায়৷
এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি সমর্থকদের দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ৷ যা ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

