নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে মহাসড়কের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) সকালের দিকে ধামরাইয়ে জয়পুরা এলাকার ছোট কেলিয়া ব্রিজের পাশে পরিত্যক্ত ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা ও এলকাবাসী।
পুলিশ জানায়, জয়পুরা এলাকায় ছোট কেলিয়া ব্রিজের নিচে ওই যুবককের মরদেহ ভাসতে দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককের মরদেহ ৫-৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল।
তবে মরদেহ পচে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বুঝা যাচ্ছে না। ওই যুবকের কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়না তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে।ময়না তদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

