নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ের কাকরান এলাকায় খাল ভরাট ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল হোসেনের মৃত্যুর ঘটনায় মোঃ কাশেম ও মো: রুবেল নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ধামরাইয়ের কাকরান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় খাল ভরাট ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল হোসেনসহ ৪ জন আহত হন।
পরে আহত আবুল হোসেন ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজ ভোরে তার নিজ বাড়িতে তিনি মারা যান। এঘটনায় অভিযান চালিয়ে মোঃ কাশেম ও মো: রুবেল নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধামরাই থানার ওসি তদন্ত সহিদুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ইতিপূর্বেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

