নিজস্ব প্রতিবেদক
২০২৫-২৬ অর্থ-বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ (আম, মাল্টা, সুপারি ও লেবুসহ অন্যান্য) ও খরিপ-২ মৌসুমে আমনধান, গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশি ও হাইব্রিড) জাতের শাকসবজি কর্মসূচি উপলক্ষ্যে উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই কর্তৃক আয়োজিত আজকের অনষ্ঠানে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশি ও হাইব্রিড) জাতের শাকসবজি কর্মসূচির আওতায় ২০০০ জন কৃষক প্রত্যেকে ৭ ধরণের শাকসবজির মোট ৩০০ গ্রাম করে বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি পটাশ সার বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলায় চলতি মৌসুমে ২১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আমন ধানের উন্নত জাতের স্বল্পজীবনকালীন ধান যেমন ব্রিধান ১০৩, ব্রিধান ৭৫, ব্রিধান ৮৭, ব্রিধান ২৯ এর ০৫ কেজি করে বীজ এবং ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার পেয়েছে।
এছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধামরাই উপজেলায় বিনামূল্যে মোট ১০৯৮ জন উপকারভোগীদের মাঝে ৫টি করে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা, জৈবসার ও খুঁটি বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
প্রধান অতিথি বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষক বাঁচলে দেশ বাচবে। একখন্ড জমিও পতিত রাখা যাবে না। ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটা বন্ধ হয়েছে আপনাদেরই সহযোগিতায়। ধামরাই হবে মাদকমুক্ত ধামরাই। প্রথমে মাদক কারবারিকে সতর্ক করা হবে। দ্বিতীয় বার আর কোন সুযোগ দেওয়া হবে না।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান বলেন, ‘সরকারের এ কর্মসূচির সঠিক বাস্তবায়নে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপদ খাদ্যে নিরাপত্তা নিশ্চিত এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।’ এছাড়াও ধামরাইয়ে শিক্ষিত বেকার যুবকদেরকে নতুন করে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে।
বিনামূল্যে কৃষকদের মাঝে সার,বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-২০,আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

