নিজস্ব প্রতিবেদক
টাকার বিনিময়ে পদ দেওয়ায় ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারকে অবান্চিত ঘোষণা করে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ধামরাইয়ের পদ বঞ্চিত একাধিক নেত্রীরা।
বৃহস্পতিবার (২জুন) বিকেলে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন পদবঞ্চিত নেতারা।
মানববন্ধনে সুলতানা রাজিয়া নামে এক নারী নেত্রী বলেন, আমি একাধিক বার জেলা সভাপতি শামিমা রাহিম শিলা ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারকে টাকা দিয়েছি। টাকা খেয়েও পদ না দিয়ে অন্যকে পদ দিয়েছেন। আমরা এই কমিটি মানিনা। তাদের সকলের পদত্যাগ চাই। এই কমিটি টাকার বিনিময়ে করা হয়েছে।
সাবেক মহিলা নারী নেত্রী আমেনা লায়লা কাউকাব বলেন, আমিও সকলের সাথে একমত পোষণ করছি। ধামরাইয়ের এমপি তমিজ উদ্দিন সংসদে থাকা অবস্থায় গোপনে পদ দেওয়া হয়েছে। এটি ঠিক হয় নি। নতুন কমিটি করা উচিত।
মৌসুমি নামে এক নারী নেত্রী বলেন, আমরা সব সময় রাজপথে ছিলাম। নির্যাতিত হয়েছি। আমাদের কোন মূল্যায়ন করা হয় নি। মনে হয় ঘরের বউকে ডেকে এনে পদ দেওয়া হয়েছে। এটি কখনোই কাম্য নয়।
মানববন্ধনে মহিলা দলের পদ বঞ্চিত নেত্রীরা ঢাকা আরিচা মহাসড়কে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় মহিলা দলের নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেন।

