নিজস্ব প্রতিবেদক
অধিকার ও সুরক্ষায় আইনি সহায়তার পাশাপাশি অসহায় প্রতিবন্ধী মানুষের চলাচলের পথও সহজ করতে পাশে দাঁড়িয়েছে মানিকগঞ্জ জেলা লিগ্যাল এইড। জেলার ১৮ জন অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা লিগ্যাল এইডের উদ্যোগে এবং রোটারি ক্লাব ঢাকা নর্থ ওয়েস্ট ও মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের অর্থায়নে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোঃ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এসকে.এম তোফায়েল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চীফ লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব ঢাকা নর্থ ওয়েস্টের সভাপতি শারমিন রহমান ও প্রকল্প পরিচালক কাজী সাহেরা আনোয়ারা শাম্মী সের।
এছাড়াও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. নুরতাজ আলম বাহার, জিপি আব্দুল আওয়াল খান, শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এবং মানিকগঞ্জ জেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সমন্বয়ক অ্যাড. মাসুদুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাড. খন্দকার সুজন হোসেন, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; বরং সুযোগ ও সহযোগিতা পেলে তারাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন। তাদের অধিকার নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
প্রধান অতিথি এস কে এম তোফায়েল হাসান বলেন, মানুষকে সহযোগিতা করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আমরা শুধু অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের জীবন অনেকটা সহজ হবে।
অনুষ্ঠানে ১৮ জন অসহায় প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

