ডেস্ক নিউজ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ১৫ বছর বয়সী এক কিশোরীর লাশ রেখে পালিয়ে গেছেন সঙ্গে আসা দুই ব্যক্তি।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, দুই ব্যক্তি সিএনজি অটোরিকশায় করে ওই কিশোরীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাকে ট্রলিতে তোলার পর রোগীর টিকিট কাটার কথা বলে তারা কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা ফিরে না আসায় ট্রলিম্যান বিষয়টি মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ লাশটি জরুরি বিভাগের মর্গে রাখে।
ওই কিশোরীর গলায় ও হাতে কালো তাগা পাওয়া গেছে। এছাড়া শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

