মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার বউয়ের পাশবিক নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ। গরম পানি ঢেলে চাচির মুখ ও ঘাড় ঝলসে দিয়েছে ভাতিজার স্ত্রী।
শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের রাশেদা বেগম (৪০) ও তার ভাতিজা পরিবারের সদস্য তানিয়া আক্তারের (৩৫) মধ্যে দীর্ঘদিন ধরে ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন রাতে ঘরের ভেতর কথা কাটাকাটির এক পর্যায়ে তানিয়া আক্তার ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে শুকনা মরিচ গুলানো ফুটন্ত গরম পানি এনে রাশেদা বেগমের মুখে ও ঘাড়ে ঢেলে দেয়। মুহূর্তেই রাশেদার মুখ, গলা ও শরীরের ডান পাশ ঝলসে যায়। আহতের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় আহত রাশেদা বেগমের স্বামী বাদী হয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদুল ইসলাম বলেন,আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

