শনিবার

৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে টানা দুই রাতে পৃথক স্থানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাস দুটির প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুটি ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধার করা সম্পদের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।

শনিবার (৭ নভেম্বর) রাত ২টা ২৬ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন লাগে।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বাসটির আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটির মালিক শহিদুল ইসলাম। এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-জ-৩২৬০। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নাশকতামূলক বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস।

এর আগের রাত গত শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতেও ধামরাই থানা রোডে ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ওই ঘটনায় বাসটির আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৪ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাসটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-জ-০৪-০১৩৯। তবে এ অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

টানা দুই রাতে মহাসড়ক ও এর আশপাশের এলাকায় পৃথক দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হুদা খান বলেন, এটি কোনো নাশকতা বা রাজনৈতিক সহিংসতার ঘটনা—এমন সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ