রবিবার

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে প্রায় ২০ টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

মোঃ মীর সোহেল মিয়া
বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের টানা আন্দোলন এবং মহাসড়ক অবরোধের জেরে সৃষ্ট তীব্র জনদুর্ভোগ ও নিরাপত্তাহীনতার কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্তত ২০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানাগুলোর প্রধান ফটকে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক।

কালিয়াকৈরে যে সকল শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এর মধ্যে , স্টার লিংক, এপেক্স হোল্ডিং, এপেক্স লেঞ্জারী, লিবার্টি, ট্রপিক্যাল, আহসান, ইকোটেক্স, ডিভাইন, ইন্টারস্টফ, ফারইস্ট, আগামী ফ্যাশন, লীজ ফ্যাশন, লিডা, পুবানী, হাইড্রোক্সাইড লিঃ, বুলোওশনসহ বেশ কয়েকটি।

স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত কয়েক দিন ধরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন।

আন্দোলনের এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে মহাসড়ক বন্ধ থাকায় কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী, রোগী ও পণ্যবাহী পরিবহনগুলো চরম ভোগান্তিতে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করলেও আন্দোলন অব্যাহত থাকে। এমতাবস্থায় কারখানার জানমাল ও উৎপাদন পরিবেশের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা (কাজ নেই, মজুরি নেই) মোতাবেক কালিয়াকৈর অঞ্চলের প্রায় ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ (লে-অফ) ঘোষণা করে মালিকপক্ষ।

কারখানা কর্তৃপক্ষের দাবি, বহিরাগতদের উসকানিতে একটি পক্ষ কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। উৎপাদন ব্যাহত হওয়া এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় বাধ্য হয়েই তারা কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

কারখানা বন্ধের নোটিশ দেখে সকালে কাজে যোগ দিতে আসা অনেক সাধারণ শ্রমিক হতাশ হয়ে ফিরে যান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পোশাক শ্রমিকদের আন্দোলনের ঘটনায় কালিয়াকৈরে ১০ থেকে ১৫ টি কারখানা বন্ধ রয়েছে। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত কারখানাগুলো পুনরায় চালু করার চেষ্টা চলছে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ