সোমবার

২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে রেকর্ড লক্ষাধিক বন্দি, প্রতিদিন বাড়ছে ৩০০

ডেস্ক নিউজ
ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো। প্রথমবার দেশের ৭৫টি কারাগারে রেকর্ড এক লাখের বেশি বন্দি। প্রতি ১০০ জন ধারণক্ষমতার বিপরীতে থাকছেন ২৪৫ জন বন্দি। ধারণক্ষমতার অতিরিক্ত ৬৫ হাজার ৩৪৬ জন বন্দির চাপে কারাগারগুলো হয়ে উঠছে অসহনীয়।

এই বিপুলসংখ্যক বন্দির জন্য নেই স্বাভাবিকভাবে শোয়া, ঘুমানো কিংবা একটু স্বস্তিতে নিশ্বাস নেওয়ার সুযোগ। কোথাও মেঝেতে, কোথাও গাদাগাদি করে রাত কাটাতে হচ্ছে বন্দিদের। দিন-রাত কাটছে অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর পরিবেশে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রামক রোগের ঝুঁকি ও স্বাস্থ্যসংকট।

পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে বন্দি প্রবেশের অব্যাহত চাপ। কারা অধিদপ্তরের তথ্যমতে, প্রতিদিন গড়ে দুই হাজার ১০০ জনের বেশি নতুন বন্দি কারাগারে প্রবেশ করছেন। বিপরীতে জামিনে মুক্তি পাচ্ছেন কম। কারাগারের মোট বন্দির মধ্যে শুধু মাদক মামলায় আটক আছেন ২২ হাজার ৯৩৫ জন।

এই বিপুলসংখ্যক বন্দির চিকিৎসাসেবার চিত্র আরও উদ্বেগজনক। দেশের ৭৫টি কারাগারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত চিকিৎসক মাত্র দুজন। অর্থাৎ, কারাগারের ভেতরে অসুস্থ হলে চিকিৎসা পাওয়াটাও অনেক বন্দির জন্য বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে যুক্ত হয়েছে জরুরি রোগী পরিবহনের সংকট, দেশের ৫৩টি কারাগারে নেই কোনো অ্যাম্বুলেন্স।

কারা অধিদপ্তরের তথ্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও মানবাধিকারকর্মীদের সঙ্গে কথা বলে দেশের কারাগারগুলোর এমন উদ্বেগজনক চিত্র পাওয়া যায়।

ধারণক্ষমতার প্রায় আড়াই গুণ বেশি বন্দি
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার রয়েছে। সব মিলিয়ে ৭৫টি কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। অথচ এসব কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৫২৭ এবং নারী ৪ হাজার ৫ জন। হিসাব অনুযায়ী, কারাগারগুলোর ধারণক্ষমতার তুলনায় বন্দি বেশি ৬৫ হাজার ৩৪৬ জন।

কারাবিধিতে কী আছে
কারাবিধি অনুযায়ী, একজন বন্দির থাকার জন্য ন্যূনতম ছয় ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের জায়গা থাকার কথা। কিন্তু অতিরিক্ত বন্দির কারণে অনেক কারাগারে সেই নিয়ম মানা অসম্ভব হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি কারাগারের কারারক্ষী বলেন, বিধি অনুযায়ী যত সংখ্যক বন্দি থাকার কথা, বাস্তবে তার কয়েকগুণ বেশি বন্দি রাখতে হচ্ছে। একজন বন্দির জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। কিন্তু কারারক্ষীর সংখ্যাও কম। ফলে বন্দি ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হয় আমাদের। অনেক সময় বন্দিরা মারামারি কিংবা ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করলে কারারক্ষীদের বেগ পেতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি কারাগারের কারারক্ষী বলেন, বিধি অনুযায়ী যত সংখ্যক বন্দি থাকার কথা, বাস্তবে তার কয়েকগুণ বেশি বন্দি রাখতে হচ্ছে। একজন বন্দির জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। কিন্তু কারারক্ষীর সংখ্যাও কম। ফলে বন্দি ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হয় আমাদের। অনেক সময় বন্দিরা মারামারি কিংবা ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করলে কারারক্ষীদের বেগ পেতে হয়।

কারা কর্মকর্তারা বলছেন, বিশেষ আইন প্রয়োগকারী অভিযান, গ্রেফতার বৃদ্ধি ও বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে বন্দির সংখ্যা বাড়ে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থান দমনকালে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতেও গ্রেফতার বেড়েছে।

চিকিৎসক সংকট, রাতে জরুরি সেবা ব্যাহত
কারাগারের সবচেয়ে উদ্বেগজনক সংকটগুলোর একটি চিকিৎসাসেবা। ৭৫টি কারাগারে চিকিৎসকের অনুমোদিত পদ ১৬২টি। অথচ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত চিকিৎসক মাত্র দুজন। এর বাইরে ৯৭ জন চিকিৎসক বিভিন্ন কারাগারে সাময়িকভাবে সংযুক্ত। তারা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এসে প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা বহির্বিভাগে চিকিৎসা দিয়ে চলে যান। বিগত সব সরকারের আমলেই এ চিত্র প্রায় একই রকম ছিল।

এ বিষয়ে কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান জাগো নিউজকে বলেন, ‘কারাগারে চিকিৎসকের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। কারণ দিনের বেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যার পর লকআপে যাওয়ার পর কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের প্রয়োজন হয়। অথচ ওই সময়ে কারাগারগুলোতে চিকিৎসক থাকেন না। ফলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।’চিকিৎসক সংকট সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সূত্রঃ জাগো নিউজ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ