শুক্রবার

২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ শহরের খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার দোকানে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। স্থানীয়দের ধারণা, খালের পাড়ে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যান তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটের দিকে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদুল ইসলাম আরিফ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাবার দোকানে যান আরিফ। পরে খালের পাড়ে গেলে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এরপর স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে খালের পাশে তাঁর জুতা পড়ে থাকতে দেখে পানিতে পড়ে যাওয়ার বিষয়টি সন্দেহ করেন তাঁরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় খালে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সদর পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিয়া রাজ জানান, দুপুরে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে নিখোঁজ যুবকের জুতার অবস্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চালানো হয়। প্রায় ৬০ ফুট দূরে পানির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবকের নিখোঁজের খবর পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ