মোঃ মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।
সোমবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের খোরশেদ আলমের ছেলে নূর হোসেন (৫৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ওভারব্রিজের পশ্চিম পাশে একটি বালুভর্তি ট্রাককে অন্য একটি গাড়ি পাশ থেকে চাপ দেয়। এতে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের (সড়ক বিভাজক) সাথে সজোরে ধাক্কা দেন।
ধাক্কা লাগার সাথে সাথে ট্রাকের ভেতরে থাকা দুইজন শ্রমিক ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয় এবং অপর শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।
এই ঘটনায় নাওজোর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুর মোর্শেদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের অনুরোধে মরদেহটি ময়না তদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

