বৃহস্পতিবার

২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে দুর্ধর্ষ নৌ ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট দিবাগত রাত পৌনে দুইটার দিকে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় বংশী নদীর তীরে নোঙর করা একটি ড্রেজারে ইঞ্জিনচালিত ট্রলারযোগে ১২-১৩ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল রামদা, পিস্তল, বন্দুক ও কাটারসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ড্রেজারের ওপর উঠে পড়ে স্টাফদের মারধর করে নগদ টাকাসহ সর্বমোট ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে ট্রলারযোগে নদীর উত্তর দিকে পালিয়ে যায়।

নৌ ডাকাতির ঘটনাটি তদন্তে ধামরাই থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। পরে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর জেলা ও গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাহাতাব হোসেন (৫২), মো. কামাল হোসেন (৫০), জয়নাল আবেদীন (২৮), আবিদ হাসান আন্না (২৯), আরফান আলীফ ইসলাম ছোটন (২৪) ও মনা খান মনির (৪৫)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি পেশাদার নৌ ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নৌ ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ