নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহাঙ্গীর ও হাফিজের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
রোববার সকালে গড়পাড়া ইউনিয়নের উত্তর উথুলী এলাকায় এই ঘটনা ঘটে।
মারধরে আহতরা হলেন, উত্তর উথুলী এলাকার খোঁয়াজ উদ্দিনের ছেলে আতা মিয়া (৬২) এবং একই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৫৫)।
আতা মিয়ার চাচাতো ভাই সুমন মিয়া বলেন, সমাজের কোরবানির গোশত বিতরণ করাকে কেন্দ্র করে সকালে আতা মিয়ার সঙ্গে জাহাঙ্গীর ও হাফিজের কথা কাটাকাটি হয়। এর জের ধরে জাহাঙ্গীর তার সঙ্গীয় দলবল নিয়ে আতা মিয়া ও দুলাল মিয়াকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। পরে আতা ও দুলালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কোরবানির গোশত বিতরণ করাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটলেও মূলত জমি সংক্রান্ত বিরোধ রয়েছে উভয় পরিবারের মধ্যে। সেই বিরোধকে কেন্দ্র করে সুযোগ সন্ধানি জাহাঙ্গীর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আতা ও দুলালকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।
মানিকগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এস আই পরিমল বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এস আই আমিনুল ইসলাম বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

