শনিবার

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে গণপিটুনিতে নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মোঃ সাইফুল ইসলাম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে রাজিব হোসেন (৪১) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের স্ত্রী সৌরোপা (৩৯) বাদী হয়ে মঙ্গলবার সিংগাইর থানায় মামলাটি দায়ের করেন।

বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা রাজিব হোসেন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ৭ জুন রাত আনুমানিক ১১টার দিকে চা পান করার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, সিংগাইর উপজেলার বান্দাইল গ্রামের বাসিন্দা হাকিম আলীর বাড়িতে রাজিবকে চোর সন্দেহে আটক করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ৮ জুন রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় ১০০ থেকে ১৫০ জন উত্তেজিত ব্যক্তি হাকিম আলীর বাড়িতে জড়ো হয়ে রাজিবের হাত-পা ও চোখ বেঁধে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হলে রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে দাফন সম্পন্ন করা হয়।

অন্যদিকে, স্থানীয়দের দাবি, ঘটনার রাতে হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজিব হোসেন ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার কয়েকজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার বের করে সহযোগীদের কাছে পৌঁছে দেওয়ার সময় গৃহকর্তা বিষয়টি টের পেয়ে বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে হাকিম আলী আহত হন।

পরে তাকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

গৃহকর্তার পরিবারের দাবি, চুরির অভিযোগে আটক হওয়ার পর স্থানীয় জনতার মারধরের শিকার হন রাজিব। তারা আরও দাবি করেন, রাজিবের বিরুদ্ধে পূর্বে একাধিক চুরি ও ডাকাতি সংক্রান্ত অভিযোগ ছিল। তবে এসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, রাজিবকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ না করে সংঘবদ্ধভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ কারণেই তারা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “হত্যার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটির সবদিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ