মোঃ মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পূর্বাচর র্যাব ক্যাম্প-১ ।
বুধবার (২২ এপ্রিল) সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) ও নাটোর সদর উপজেলার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার খাড়াজোড়া এলাকার মারিয়া খাবারের হোটেলসহ বিভিন্ন হোটেলে মাদক কেনাবেচা হয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের পূর্বাচর র্যাব ক্যাম্প-১ এর চৌকশ টিম মঙ্গলবার রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে অল্প পরিমাণ মাদক উদ্ধার করে।
এরপর আসামির তথ্য অনুযায়ী, উপজেলার হরতকিতলা ভাইকিং পাম্পের পেছনে আলেয়া আক্তারের সিকদার মহলের ভাড়া বাসার খাটের নিচের প্লাস্টিকের তিনটি বস্তার ভেতর থেকে ৭০ কেজি ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২১ লাখ ১৫ হাজার টাকা। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে র্যাব সদস্যরা মাদকসহ দুই আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, মাদক মামলায় আসামিদেরকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

