সোমবার

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার: সাটুরিয়ায় প্রধান শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। এ সময় ব্যানারটি জব্দ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বহন করা ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাটি যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

পুলিশের তথ্যমতে, আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। পুলিশের দাবি, তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালি বা আলোচনা সভা নিয়ে তাঁদের আপত্তি ছিল না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত ব্যানার ব্যবহার নিয়েই তাঁরা প্রশ্ন তোলেন।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কর্মসূচিতে রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত প্রচারসামগ্রী ব্যবহারের বিষয়টি নিয়েও স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ