ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে নিজ ঘর থেকে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
সোমবার (২জুন) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নারগিস আক্তার (৪২), তার দুই ছেলে মো. মিঠুন মিয়া (১৮), ও সোলাইমান (৭)। বড় ছেলে মিঠু ডেকারেটরের কাজ করতেন এবং ছোট ছেলে সোলাইমান মায়ের কাছে থাকতেন। তবে এখন পর্যন্ত তাদের মৃত্যুর কোন কারণ জানা যায়নি বলে জানিয়েছে থানা পুলিশ।
এই বিষয়ে মৃত নারগিস আক্তারের মেয়ে নাছরিন আক্তার বলেন, আমি আজ দুপুরে মায়ের কাছে বার বার মোবাইল ফোনে কল করে তাকে না পেয়ে আমার স্বামীর বাড়ী থেকে মায়ের বাড়ীতে চলে আসি। এসে দেখি ঘরের দরজা বন্ধ। পরে আমি দরজার সামনে গিয়ে মাকে ডাকতে থাকি। কিন্তু ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি মাসহ দুই ভাইয়ের লাশ পরে আছে।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে নিজ ঘর থেকে মাসহ দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ মৃত্যুর কারণ জানতে কাজ করছে।

