ধামরাই(ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে সন্তানকে ভালো একটি স্কুলে ভর্তি করা নিয়ে পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী কাসেম আল মামুনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)সকালের দিকে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম সায়মা ইসলাম সেতু। নিহত সায়মা ইসলাম আফাজ উদ্দিনের পুত্র কাসেম আল মামুনের স্ত্রী। তার এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী কাসেম আল মামুনকেও আটক করে থানায় নিয়ে আসে।
কাশেম আল মামুনের ভাগ্নে রায়হান বিন রেজা জানান, মামার ছেলে তাসিনকে একটি ভালো মানের স্কুলে ভর্তি করা নিয়ে মামার সাথে রাতে বাকবিতণ্ডা হয়। এই বাক বিতন্ডার জের ধরে সকালে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে মামী আত্মহত্যা করে।
ধামরাই থানার এসআই সুবোধ চন্দ্র বর্মন জানান, গৃহিনীর মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। সেই সাথে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

