বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামের নাজমা বেগম হত্যা মামলায় আসামী মো. রফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।

মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে এই রায় প্রদাণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা।

দণ্ডপ্রাপ্ত মো. রফিক মিয়া হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামের মো, শফিকের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, আসামী রফিকের সাথে প্রতিবেশি নাজমা বেগমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে ২০২১ সালের জুন মাসের ৪ তারিখ সকাল ৬টার সময় নাজমা বেগম সরফদিনগর চকে মরিচ ক্ষেতে কাজ করার জন্য বের হলে ওৎ পেতে থাকা রফিক তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে।

এতে গুরুতর জখম হয় নাজমা। তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে পাঠায়। সেখানে নাজমাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার ছেলে মো. জনি মিয়া হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে থানার এস.আই মো. আরিফ উল্লাহ মামলার তদন্ত করে ২০২১ সালের জুলাই মাসের ৬ তারিখে রফিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে দন্ডবিধির ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্ত ক্রমে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

মামলার রায়ে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আ ফ ম নূরতাজ আলম বাহার সন্তুষ্টি প্রকাশ করলেও আসামীপক্ষের আইনজীবী রেজা ফেরদৌস আহমেদ উচ্চ আদালতে আপীল করার কথা বলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ