বৃহস্পতিবার

১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মোঃ সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। অভিযানে অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি পাওয়ায় সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

এ ছাড়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। তাঁকে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা।

অভিযানকালে উপজেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম, প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র এবং প্যাথলজি বিভাগের কার্যক্রম পরিদর্শন ও যাচাই করা হয়।

এ সময় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও যাচাই-বাছাইয়ের সুযোগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, “মানিকগঞ্জের জনগণের জন্য মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ