মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডে পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলাধীন সূত্রাপুর এলাকার জি এম এস টেক্সটাইল মিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মহাসড়কের আইল্যান্ডে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দীর্ঘসময় পড়ে থাকা ওই মরদেহের কোন সন্ধান না পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে। তবে নাম ঠিকানা এখনো জানা যায়নি। তিনি বলেন, রাতের আধারে অজ্ঞাত গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

