নিজস্ব প্রতিবেদক
ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রিতে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধ করতে বাজার মনিটরিং জোরদার করতে হবে।
সোমবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে বাজার মনিটরিং বিষয়ক অ্যাডভোকেসি সভায় বক্তারা একথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং মুখ্য আলোচক ছিলেন সাবেক সচিব ও ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.এইচ.এম. সফিকুজ্জামান।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ.বি.এম. সামছুন্নবী তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা এবং পুলিশের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, সাপ্তাহিক তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাড. খন্দকার সুজন হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশনের প্রোগ্ৰাম কনসান্টেন্ট মোশতাক হাসান মোঃ ইফতেখার, প্রোগ্ৰাম ম্যানেজার ডাঃ আলিভা হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। অনিরাপদ ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রির ফলে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এবং এ বিষয়ে বাজারে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। পর্যায়ক্রমে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), মানিকগঞ্জ জেলা শাখা সভাটির আয়োজন করে। এতে সহযোগিতা করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

