মোঃ মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে একটি কবরস্থান থেকে অর্ধশত মৃতব্যক্তির কঙ্কাল চুরি হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা গ্রামের জান্নাতুল বাক্কী কেন্দ্রীয় কবরস্থান থেকে রাতের আধারে কঙ্কাল গুলি চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
উপজেলার ভান্নারা গ্রামের আব্দুল মান্নান নামে এক ব্যক্তি শনিবার ফজর নামাজ শেষে জান্নাতুল বাক্কী কেন্দ্রীয় কবরস্থানে তার পিতার কবর জিয়ারত করতে যান। এসময় কবরস্থানে তার পিতার কবরসহ ৮টি কবর (কঙ্কাল শুন্য) খোঁড়া অবস্থায় দেখে পান। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে কবরস্থানে ভিড় করে।
ইতিপুর্বেও ঐ কবরস্থান থেকে ২৫টি টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকার সুযোগে কবরস্থান থেকে বারবার কঙ্কাল চুরি হলেও তা রোধ করা যাচ্ছে না বলে এলাকাবাসী জানান। গত এক মাসে ঐ কবরস্থান থেকে অর্ধশত কঙ্কাল চুরি হয়েছে বলে ভান্নারা গ্রামের বাসিন্দা মো: ইউসুফ সিকদার জানান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, কঙ্কাল চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

