বুধবার

৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে রেলওয়ের উচ্ছেদ অভিযান

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ বসতি ও বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে দ্রুত ও জোরালো পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার সকাল থেকে উপজেলার মাটিকাটা রেলগেট থেকে রতনপুর রেলগেট বটতলা পর্যন্ত বিস্তৃত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে প্রায় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানে রেললাইনের দুই পাশজুড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অসংখ্য, দোকানপাট, অস্থায়ী বসতি ও অন্যান্য অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে বহুদিন ধরে দখলে থাকা সরকারি জমির একটি বড় অংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

সরেজমিনে দেখা যায়, অভিযানের সময় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন। পুরো এলাকায় কঠোর নজরদারির মধ্যে ধাপে ধাপে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়, ফলে কোথাও উল্লেখযোগ্য প্রতিরোধের ঘটনা ঘটেনি।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার।

সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, সহকারী সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রুবিনা আক্তার এবং জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুমসহ কালিয়াকৈর থানার পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, “রেলওয়ের জমি রাষ্ট্রের সম্পদ—এটি দখল করে রাখার কোনো সুযোগ নেই। লাইসেন্স থাকলেও তা নির্দিষ্ট ব্যবহারের জন্য, সেখানে বসতঘর নির্মাণ সম্পূর্ণ বেআইনি। উচ্ছেদের পর কেউ পুনরায় দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

সচেতন মহলের দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এই দখল বাণিজ্যের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কিছুদিনের মধ্যেই পুনরায় একইভাবে জমি দখলের আশঙ্কা থেকে যায়।

সরকারি সম্পত্তি রক্ষায় রেলওয়ের এ ধরনের তৎপরতা ভবিষ্যতে কতটা ধারাবাহিক ও কার্যকর হয়, সেটিই এখন স্থানীয়দের প্রধান প্রত্যাশা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ