নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে জানিয়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত বলেছেন, “দুর্গাপূজায় কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল ও দুস্থ পরিবারের মধ্যে সরকারি জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সদর উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য শান্ত।
তিনি বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে। পূজাকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন।
এ সময় সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা আলী নুর, ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল ও দুস্থ পরিবারের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে অসচ্ছল পরিবারগুলোর সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

