নিজস্ব প্রতিবেদক
মেয়াদোত্তীর্ণ ময়দা, নিম্নমানের তেল ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা-চটপটির কাঁচামাল তৈরির অভিযোগে মানিকগঞ্জের জয়রা এলাকায় এক ফুচকা বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই দিন শিবালয়ের আরিচা বাজারে দুটি ফলের দোকানকে জরিমানা করা হয়েছে আরও ৬ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘শফিকুল ফুচকা’র মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় জরিমানা করা হয়।
এর আগে সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে পৃথক অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে ফল বিক্রির দায়ে ‘আফজাল ফল ভান্ডার’-এর মালিক আফজাল হোসেন এবং ‘ইয়াসিন ফল ভান্ডার’-এর মালিক ইয়াসিনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁদের বিরুদ্ধে একই আইনের ৩৮ ও ৪৫ ধারায় ব্যবস্থা নেওয়া হয়।
দুটি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তার অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

