নিজস্ব প্রতিবেদক
ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য শরীফুল ইসলাম কে ধর্ষণ-চুরি ও হত্যা চেষ্টার মামলায় (মামলা নং ১০৮/২০২৫) তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে আদালত।
আদালত সূত্রে জানা যায়, শরীফুলের বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা, ধর্ষণ চেষ্টা ও চুরিসহ একাধিক অভিযোগে মামলা দায়ের রয়েছে। এসব মামলার মধ্যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালত। এই মামলায় তাকে জুন মাসের ২২ তারিখ পর্যন্ত হাজতবাসের নির্দেশ দেয় আদালত।
এছাড়াও থানায় তার নামে আরও একাধিক অভিযোগ ও মামলা বিদ্যমান। অভিযোগ রয়েছে, সরকারি জমি দখল থেকে শুরু করে এনজিওর আড়ালে কোটি কোটি টাকা আত্মসাতের সঙ্গেও তিনি জড়িত।
এর আগে গত নভেম্বরে এই নেতা শরীফুলের বিরুদ্ধে ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জলাশয় দখল ও বালু দিয়ে ভরাটের অভিযোগ ওঠে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শরীফ ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে মারধর শুরু করে এবং মারধরের একপর্যায়ে ওই নারীর তলপেটে লাথি দেয়। ভুক্তভোগী ওই নারী তখন অন্তঃসত্ত্বা ছিলেন। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং পেটে থাকা বাচ্চাটি মারা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন জানান, মামলার তদন্ত করতে গিয়েছিলাম তখন শরীফুল ইসলাম ফোনে আমাকে হুমকি প্রদান করে। বিষয়টি আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করি।

