ওয়াসিম হোসেন-ধামরাই
ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে প্রতি বছরের মতো এবছরও টানা বৃষ্টির মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে এরইমধ্যে রথের সাজসজ্জার কাজ প্রায়ই শেষের পথে।মেলা চলবে এক মাস ব্যাপী।
ধামরাই বাজার এলাকার রথখোলায় গিয়ে দেখা যায় রংশিল্পীরা রথ সাজানোর কাজ করছেন। রথযাত্রা উপলক্ষে সাজসজ্জার কার্যক্রম চলছে বলে জানান আয়োজকরা।
ধামরাই রথখোলা এলাকায় সঞ্জিত পাল নামে এক রংশিল্পী বলেন, ’গত ১১ বছর ধরে রথের সাজসজ্জার কাজ করে আসছি। এ বছরও গত কয়েকদিন ধরে এখানে রথ সাজানোর কাজ করছি। বৃষ্টি কারনে পলিথিন সাঁটিয়ে রংতুলির কাজ করতে একটু সমস্যা হচ্ছে তবে রথ টানের আগে কাজ শেষ হবে।’ চন্দন রায় নামে আরেক রংশিল্পী বলেন, ’রথের খুঁটি, দেবতাদের প্রতিকৃতিসহ সব রং করা হয়েছে।আজকের মধ্যে অন্যান্য কাজও সম্পন্ন হয়ে যাবে।’

রথযাত্রার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে ধামরাই যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন,রথযাত্রা ও রথমেলা উপলক্ষে রথের সাজসজ্জা ও পরিচর্যার কাজ সম্পন্ন করা হয়েছে। বৃষ্টি কারনে রংতুলির কাজ একটু দেরিতে হয়েছে তবে আজকের মধ্যে রংতুলির কাজ শেষ হয়ে যাবে। এরপর রথটান হবে। রথটানের দিন নিরাপত্তার স্বার্থে টি-শার্ট পরিহিত প্রায় দুইশ জন স্বেচ্ছাসেবী থাকবে। এছাড়া মাসব্যাপী মেলা হবে এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসেন সাথে কথা হয়েছে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব জায়গায় পুলিশ মোতায়েন করা থাকবে। সেই সাথে রথমেলায় সাদা পোশাকে পুলিশসহ গোয়েন্দা সংস্থার লোকজন মোতায়েন থাকবে।

