শুক্রবার

৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
বগুড়া সদর উপজেলার এরুলিয়ায় বাসচাপায় সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে বগুড়া সদর উপজেলার ফাপড় এলাকার বেলাল, গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমিরুল এবং নূর আলমের নাম জানা গেছে।

বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ও আহত সবাই কাজের সন্ধানে ভোরে এরুলিয়া বাজারে বসা শ্রমিকের হাটে এসেছিলেন।

জানা গেছে, রংপুর, গাইবান্ধা, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুররা প্রতিদিন ভোরে এরুলিয়া বাজারের এ হাটে কাজের সন্ধানে আসেন। স্থানীয় গৃহস্থরা এখান থেকে শ্রমিক সংগ্রহ করেন। শুক্রবার ভোরে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে আরও চারজন মারা যান। দুর্ঘটনার পর ক্ষুব্ধ দিনমজুর ও স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ